রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। তবে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে রাকসু অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
নির্বাচন কমিশন মনোনয়ন বিতরণ করতে গেলে কার্যালয়ের টেবিল-চেয়ার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে প্রতিবেদনের সময় পর্যন্ত (১১টা) শাখা ছাত্রদল রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান করছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: "রাকসু ফি দিয়েছি, ভোটার হয়ে চেয়েছি", "লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব", "প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে"
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে তারা কয়েক দিন ধরে কর্মসূচি পালন করছে। আজ মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে এই অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। এ সময় রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয়ও তারা অবরুদ্ধ করেন। কিছু চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "দীর্ঘদিন ধরে আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি। তবে আমাদের দাবি মানা হচ্ছে না। ফি দিয়ে আমাদের শিক্ষার্থীরা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য দূর করা না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব।"
তাদের কর্মসূচিতে সমর্থন জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, "ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থী এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ছাত্রদল এই দাবিতে অবস্থান করছে, আমরা তাদের দাবিকে সমর্থন জানাই।"
উল্লেখ্য, রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন আজ।