রাবিতে শিক্ষার্থী-ছাত্রদল মুখোমুখি, উত্তেজনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। প্রাথমিকভাবে তাদের নেতা-কর্মীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এর ফলে নির্বাচন কমিশন মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি।

দুপুর সাড়ে ১১টার দিকে মনোনয়ন ফরম তুলতে আসেন সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন। তারা ছাত্রদল নেতাদের তালা খোলার জন্য অনুরোধ করলে বিরোধ সৃষ্টি হয়। পরে সেখানে উপস্থিত হন সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলামসহ আরও কয়েক শত শিক্ষার্থী ও মনোনয়ন প্রত্যাশী।

সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং একাধিক দফায় ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। উত্তেজনা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অব্যাহত থাকে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা গেছে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে তারা কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছে।

এ বিষয়ে জানতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।