উপহার নিয়ে ঝগড়া

ছেলের জন্মদিনে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে গ্রেপ্তার যুবক

ছেলের জন্মদিনে উপহার নিয়ে বচসা। আর তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, ঝগড়ার মধ্যেই নিজের স্ত্রী এবং শাশুড়িকে খুন করেছেন যুবক। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

ভারতের দিল্লির রোহিণীর সেক্টর সতেরোতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকাল ৪টা নাগাদ কেএনকে থানায় পিসির কল আসে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মৃতের পরিচয় নিশ্চিত করার পরই তদন্ত শুরু করে পুলিশ।

জানা গেছে, ওই ঘরে মৃত অবস্থায় পড়েছিলেন কুসুম সিংহ (৬৩) এবং তার মেয়ে প্রিয়া সেহগল।

পরিবার সূত্রে খবর, গত ২৮ আগস্ট নাতির জন্মদিন উপলক্ষে প্রিয়ার বাড়ি গিয়েছিলেন কুসুম। অনুষ্ঠান চলাকালীন উপহার নিয়ে প্রিয়া এবং তার স্বামী যোগেশের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সে কারণে রাতে প্রিয়ার বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন কুসুম। কিন্তু দুদিন পরেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন তার ছেলে মেঘ। বার বার মাকে ফোন করেও লাভ হয়নি। তার পরেই প্রিয়ার বাড়ি যান তিনি।

মেঘের বয়ান অনুযায়ী, শনিবার দুপুরে বোনের বাড়ি গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। আর দরজার সামনে রক্ত। সন্দেহ হওয়ায় খবর দেন অন্য আত্মীয়দের। তারপর পুলিশকে জানান। পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখে মেঝের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কুসুম এবং প্রিয়া।

মেঘের অভিযোগের ভিত্তিতে যোগেশকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, সাম্প্রতিক সময়ে কাজ হারিয়েছিলেন যোগেশ। বাড়িতে বেকার হয়ে দিন কাটাতেন। প্রায়ই নানা কারণে স্ত্রীর সঙ্গে অশান্তি হত। পুলিশ ঘটনাস্থল থেকে যোগেশের রক্তমাখা পোশাক উদ্ধার করেছে। একই সঙ্গে একটি কাঁচিও পেয়েছে তারা।

তদন্ত কর্মকর্তাদের অনুমান, ওই কাঁচি দিয়ে স্ত্রী এবং শাশুড়িকে খুন করে থাকতে পারেন যোগেশ। তবে নেপথ্যে অন্য কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।