নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) সকালে বেগমগঞ্জের আফানিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কাউসার ইসলাম (৫০)। তিনি বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউসার ইসলাম অটোরিকশায় ওঠার সময় পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করালে বেলা ১১টায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ দেওয়ান লিটন বলেন, বর্তমানে নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।