পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিমা ওই গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ছয় বছর পূর্বে শাওনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।
লিমার ভাই রাজন আলী অভিযোগ করে বলেন, তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরে আমাদেরকে ফোন দিয়ে আত্মহত্যার কথা জানানো হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, স্বামী শাওন মরদেহ খাটের ওপর নিয়ে বসে আছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, শাওনের সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক থাকায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিলো। এসব বিষয় নিয়ে ইতিপূর্বে একাধিকবার শালিস-বৈঠক হয়েছে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাওনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম. আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে অনেক কিছুই গোপন রাখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।