কিক অফের পরই ডান দিক দিয়ে আক্রমণে উঠে মামনি চাকমা নিখুঁত ক্রস বাড়ালেন বক্সে। বুলেট গতির হেডে জাল খুঁজে নিলেন পুর্ণিমা মারমা। গড়লেন সাফ অনুর্ধ্ব-১৭ উইমেন’স চ্যাম্পিয়নশিপে দ্রুততম (৩০ সেকেন্ড) গোলের কীর্তি। পাল্টা জবাব দিল ভারত। সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আগেই শিরোপা নিশ্চিত করা ভারতকে হারানোর তৃপ্তি নিয়ে আসর শেষ করলো বাংলাদেশ বাংলাদেশ।
আচ ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের ফিরতি লেগে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দেখায় তাদের কাছে ২-০ গোলে হেরেছিল প্রীতিরা। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ ফিরতি দেখায় তাদের বিপক্ষে ১-১ ড্র করে। বাংলাদেশের ওই ড্রয়ের দিনেই নেপালকে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করে ফেলে ভারত। এই আসরে একমাত্র নেপালকেই দুইবার হারাতে পেরেছে বাংলাদেশ, ২-০ ও ৪-১ গোলে। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো বাংলাদেশ।
খেলা শেষে কোচ মাহবুবুর রহমান লিটু বলেছেন, 'সর্বশেষ ম্যাচটা জেতার দরকার ছিল। কেননা আমরা ভুটানের সঙ্গে একটা বাজে পয়েন্ট হারিয়েছি। তো ওভারঅল আমাদের মেয়েরা চেষ্টা করেছে, আসলে এটা আমাদের লার্নিং ক্যাম্প, আমরা এখান থেকে শিখব, সামনে টার্গেট এএফসি এশিয়ান কাপ বাছাই। ওই প্রতিযোগিতা খেলার আগে আমরা সময় পাবো, তার আগে আমরা চেষ্টা করব আরও কত ঝালিয়ে নেওয়া যায়। তো আমি খুশি ওরা আজকে সর্বোচ্চ এফোর্ট দিয়েছি। খেলাটা কিন্তু কম্পিটিটিভ হয়েছে।'
ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কেবলই শেষটা ভালো করার উপলক্ষ ছিল। পুর্ণিমার ওই গোলে প্রত্যাশিত সূচনাও পেয়ে যায় তারা। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এটিই দ্রুততম গোল। আগের রেকর্ডটি ভারতের মেনেকা লৌরেমবামের; ২০২৩ সালের আসরে ভুটানের বিপক্ষে গোলটি করেছিলেন তিনি তৃতীয় মিনিটে।
৯ মিনিটে নিজেদের বক্সের ওপরে বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস তালগোল পাকিয়ে বল হারালে সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান আনুশকা। ৩৪ মিনিটে গোছালো আক্রমণ থেকে সৌরভী আকন্দ প্রীতির নেয়া শট ডিফেন্ডার ফিরিয়ে দিলে আলপি আক্তার ফিরতি শটে বাংলাদেশ ২-১ এ এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। সতীর্থের লং পাস পেয়ে গতিতে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথার শটে বল জালে পাঠান প্রীতি (৩-১)। ৬৪ ও ৮৮ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরায় ভারত।
ইনজুরি টাইমের একেবারে শেষ দিকে প্রীতির কোনাকুনি শট ভারতের গোলকিপার ফিস্ট করার পর সামনে থাকা ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। এরপরই বাজের শেষের বাঁশি। জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা।