ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন ঘিরে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। টুর্নামেন্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। আর সর্বোচ্চ ১০ হাজার টাকায় দিয়ে কিনতে হবে করপোরেট বক্সের টিকিট। প্রতিটি টিকিটে উপভোগ করা যাবে দুটি ম্যাচ। আগামী ২৯ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরুর কথা রয়েছে।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে সমন্বয় সভা করেছে বাফুফে ও সাফ। সভায় মাঠের অবস্থা, নিরাপত্তাব্যবস্থা, টিকিট ব্যবস্থাপনা এবং দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ে আলোচনা হয়। সভা শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কার্টেল জানান, দর্শকদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বৈঠকের মূল লক্ষ্য। মাঠের কন্ডিশন, ইনার গেট, আউটার গেট ও ভিআইপি গেটের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।
টিকিটের দাম নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও দর্শকদের উপস্থিতি নিয়ে আশাবাদী আয়োজকেরা। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘দুটি ম্যাচের জন্য টিকিটের মূল্য ১ হাজার টাকা। দর্শকদের জন্য এটি কিছুটা চাপের হতে পারে। তবে টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি সাফের এখতিয়ার। এবার টুর্নামেন্টটি সাফ পরিচালনা করছে, আর বাফুফে সহযোগিতা করছে।’ সাফের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ম্যাচে পূর্ণ গ্যালারি পাওয়ার প্রত্যাশা নিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবারের আসরে বিদেশি দর্শকদের ঢাকায় আসার সম্ভাবনাও রয়েছে। সফরকারী দলগুলোর সমর্থকদের ভিসা পেতে সহযোগিতা করছে সাফ। সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তামূলক চিঠিও দেওয়া হচ্ছে।
টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। সাফের এক কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ভারত বাংলাদেশে আসবে। প্রতিযোগিতাটি টায়ার ওয়ান হওয়ায় ভারত যে দলই পাঠাক, সেটিকে তাদের প্রথম দল হিসেবেই বিবেচনা করবে সাফ।
অংশগ্রহণকারী দলগুলোর অনুশীলনের জন্য পুলিশ মাঠ, বুয়েট মাঠ, ৩০০ ফিট এলাকার একটি মাঠ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠ এবং কিংস অ্যারেনার বাইরের অনুশীলন মাঠ নির্ধারণ করা হয়েছে। মাঠ নির্বাচন ও ব্যবস্থাপনায় সাফের সঙ্গে সমন্বয় করছে বাফুফে।
জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দিচ্ছে আয়োজকেরা। আগের ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার শুরু থেকেই বিভিন্ন পক্ষের মধ্যে নিয়মিত সমন্বয় সভার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। বাফুফের কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকতে পারেন। আর ফাইনালে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। টিকিটের মূল্য নিয়ে আলোচনা থাকলেও সফল আয়োজন, নিরাপদ পরিবেশ এবং দর্শকপূর্ণ গ্যালারির লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাফুফে ও সাফ।
কেইনের ব্যালন ডি’অর জয়ে বন্ধু কোহলির শুভেচ্ছা