শেরপুরে ১৮ দিনে ৫ ছিনতাই, জনমনে আতঙ্ক

বগুড়ার শেরপুরে গত ১৮ দিনের ব্যবধানে পাঁচটি ছিনতাইয়ে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  গত ১২ আগস্ট থেকে ৩০ আগস্ট শেরপুর-ধুনট সড়কে এ সব ছিনতাই ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  

ভুক্তভোগী ও স্থানীয়দের ভাষ্য, গত ১২ আগস্ট রাত ১টার দিকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী রাশেদুল ইসলাম রূপম কাজ শেষে বথুয়াবাড়ী থেকে শেরপুর যাচ্ছিল। এ সময় খানপুর শালফা কলেজপাড়া এলাকার দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিনতাইকারী এসে তার পথরোধ করে ৮ হাজার টাকা, মোবাইল ফোন ও আইফোন ছিনিয়ে নিয়ে যায়। 

গত ১৯ আগস্ট রাত আড়াইটার দিকে উপজেলার শালফা গ্রামের নাসিম মীর তার স্ত্রীকে বগুড়ায় অপারেশন করিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় শেরপুর-ধুনট সড়কের হুসনাবাদ এলাকায় ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে তাদের অটোরিকশা থামিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা দুই মোবাইল ফোন ছিনতাই করে। একইদিন রাতে ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের মাসুদ বাড়ি যাওয়ার সময় বোয়ালকান্দি স্থানে ছিনতাইকারীর কবলে পরলে নিজের বুদ্ধি খাটিয়ে পালিয়ে আসেন।

২২ আগস্ট বিকেলে একই সড়কের শুবলি এলাকায় মোটরসাইকেল সড়কের পাশে রেখে ওই গ্রামের সেলিম খাঁ জমি দেখতে যান। সে সময় সুযোগ বুঝে তিন-চারজনের একটি দল তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। 

এক কথা অভিযোগ করে ভুক্তভোগী রাশেদুল ইসলাম রূপম বলেন, আমি যতটুকু জানি এই সড়কে পুলিশ টহল থাকে। তাহলে এতোগুলো ঘটনা পরপর ঘটলো অথচ পুলিশ কিছুই জানতে পারলো না। বিষয়টি মেনে নেওয়ার মত না।

স্থানীয়রা জানায়, এই সড়কে ছিনতাই এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রাতে তো বটেই, দিনের বেলাতেও মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না। তাই পুলিশকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া অনুরোধ জানিয়েছেন তারা।

এব্যাপারে শেরপুর তানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন বলেন, চক্রটিকে ধরতে আমাদের সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।