প্রতিটি আদালতকে স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্যে আনতে হবে: প্রধান বিচারপতি 

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, প্রতিটি আদালতকে স্বচ্ছ এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে। তিনি আরও বলেছেন, আমাদের একটি পরিপূর্ণ স্বায়ত্তশাসিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রবিবার  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘জুলাই গণ অভ্যূত্থান : বিচার বিভাগ সংস্কার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই সেমিনারের আয়োজন করে। 

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদেরকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে। প্রতিটি আদালতকে স্বচ্ছ এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের বিচার বিভাগ চেষ্টা করছে তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা, নিয়ম শৃঙ্খলা এবং তার উদ্দেশ্য পুনরুদ্ধার করতে। আমরা সাহস ও স্বচ্ছতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার অঙ্গীকার করছি।’  

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা জুলাই বিপ্লবকে যদি হালকাভাবে দেখি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার মুখ থুবড়ে পড়বে, আমার মানচিত্র খাবলে খাবে। আমরা যদি জুলাই বিপ্লবের শহীদদের যথাযথ  সম্মান দেখাতে না পারি তাহলে এই বাংলাদেশ বিপন্ন হবে। আরও অজস্র মায়ের বুক খালি হবে, আরও রক্ত ঝরবে।’ 

সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন,  ‘জুলাইয়ের এক বছর হলো কিন্তু কী পরিবর্তন হলো? এই প্রশ্ন এখন সবার।  কোন পরিবর্তন নেই। আমরা হতাশ।’ 

তিনি বলেন, ‘দলমত নির্বিশেষে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সবাইকে মাঠে নামতে হবে। যদি বিচার বিভাগ স্বাধীন করতে না পারি, পৃথক সচিবালয় না করতে পারি তাহলে বারবার আমরা ব্যর্থ হবো।’