ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। আজ সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২০ বলে ফিফটি করেন সাকিব। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সাকিব ৫টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন।
দলীয় ৫১ রানে পরপর দুই উইকেট পতনের পর ব্যাট করতে নামেন সাকিব। বোলার তাবরেইজ শামসির হ্যাটট্রিকের সম্ভাবনা ছিল। তবে সাকিব সেই সম্ভাবনা নষ্ট করে দিয়ে টানা দুই বলে দুই চার মারেন।
ইনিংসের দশম ওভারের শেষ দুই বলে সাকিব দুই ছক্কা মারেন। তখন বোলিংয়ে ছিলেন রোস্টন চেজ। ডেভিড ভিসের করা ১২তম ওভারে পাঁচ বল মোকাবেলা করেন সাকিব। সেই পাঁচ বলে টানা তিন চারের পর, টানা দুটি ছক্কা হাঁকান সাকিব। অর্থাৎ বাংলাদেশি এই অলরাউন্ডার ভিসের ৫ বলে নেন ২৪ রান।
মাত্র ২০ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। জাঙ্গোকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৯১ রান। শেষ পর্যন্ত ডিলানো পটগিটারকে মারতে গিয়ে টপ-এজ হয়ে ক্যাচ আউট হন তিনি। তবে তার ২৬ বলে ৬১ রানের ইনিংস অ্যান্টিগার বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ৩৪তম ফিফটি সাকিবের। সর্বশেষ ফ্যান্চাইজি ক্রিকেটে সেন্চুরি করেছিলেন তিনি ২০২৪ এর বিপিএলে।
জাঙ্গো ৪৩ বলে ৫৬ রান করে আউট হন শামসির বলে। শামসি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেন্ট লুসিয়ার সেরা বোলার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৪ রান তোলে অ্যান্টিগা। অ্যালেন ১৭ বলে ৩৮ ও ওডেন স্মিথ ১৫ বলে ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।