ব্রাইটনের কাছে আবার হারলো ম্যানসিটি

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১০:২০ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুম জয় দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচ হারলো ম্যানচেস্টার সিটি। আজ রবিবার ব্রাইটন ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। ইপিএলে এই নিয়ে ব্রাইটনের বিপক্ষে টানা তিনটিসহ সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতে হারলো সিটি।

৩৪ মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। এই গোলে প্রিমিয়ার লিগে নতুন এক কীর্তি গড়লেন আর্লিং হালান্ড। ‍লিগে ১০০ ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচে হালান্ডের হলো ৮৮ গোল। লিগের ইতিহাসে ১০০ ম্যাচে এর চেয়ে বেশি গোল করার নজির নেই। এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়ারারের। তিনি নিউক্যাসলের হয়ে ১০০ ম্যাচে করেছিলেন ৭৯ গোল।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে স্বাগতিক ব্রাইটন। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেমস মিলনার। ৮৯ মিনিটে ব্রাজান গ্রুদার গোলে এগিয়ে যায় ব্রাইটন। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে জয় পায় স্বাগতিকরা।

মৌসুমে লিগের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল ব্রাইটন। আর সিটি হারলো টানা দু্ই ম্যাচ। এর আগে সিটিজেনরা হারে টটেনহ্যামের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত