বিড়ালটি মাঝেমধ্যেই মুখে ইঁদুর নিয়ে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে। বিড়ালের ধারণা, অন্য সকলে যেমন টাকা দিয়ে খাবারের দাম মিটিয়ে দেন, তেমনই ইঁদুর ধরে নিয়ে গেলে সেও খাবারের দাম মিটিয়ে দিতে পারবে।
টাকা না দিলে রেস্তোরাঁ থেকে খাবার পাওয়া যায় না। এই সব নিয়মকানুন নিয়ে টনটনে জ্ঞান রয়েছে বিড়ালের। তাই রেস্তোরাঁয় ঢুকে পড়ার আগেই খাবারের দাম ‘মিটিয়ে দিল’ সে। তারপর রয়েসয়ে রেস্তোরাঁর মেঝের উপর খেতে বসল। টাকার পরিবর্তে মুখে করে একটি মৃত ইঁদুর নিয়ে গিয়েছিল বিড়ালটি। রেস্তোরাঁর মেঝের সেই মরা ইঁদুরটি ফেলে দিয়েই খেতে বসে পড়ল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘সেজডটকম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারের একটি রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়া সারছেন কয়েক জন ব্যক্তি। হঠাৎ মুখে একটি মৃত ইঁদুর নিয়ে রাস্তা থেকে রেস্তরাঁর ভিতর দৌড়ে ঢুকে পড়ল একটি বিড়াল।
মেঝের উপর ইঁদুরটি ফেলে এক জায়গায় চুপচাপ বসে পড়ল সে। বিড়ালটিকে বসে পড়তে দেখে সেদিকে খাবার নিয়ে গেলেন এক তরুণী। বিড়ালটি যখন খেতে ব্যস্ত হয়ে পড়ল, তখন রেস্তোরাঁ থেকে মৃত ইঁদুরটি সাবধানে সরিয়ে ফেললেন রেস্তোরাঁর সেই কর্মী।
ঘটনাটি চিনের গুয়াংদং প্রদেশের এক রেস্তোরাঁয় ঘটেছে। রেস্তোরাঁর কর্মীর দাবি, বিড়ালটি মাঝেমধ্যেই মুখে ইঁদুর নিয়ে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে। বিড়ালের ধারণা, অন্য সকলে যেমন টাকা দিয়ে খাবারের দাম মিটিয়ে দেন, তেমনই ইঁদুর ধরে নিয়ে গেলে সেও খাবারের দাম মিটিয়ে দিতে পারবে।
বিড়ালের এই ধারণা আর ভাঙতে চাননি রেস্তোরাঁর কর্মীরা। তাই বিড়ালটি যখনই ইঁদুর নিয়ে রেস্তোরাঁর ভিতর ঢোকে, তখনই তাকে খেতে দিয়ে দেন তারা। ইঁদুরটিকে রেস্তোরাঁ থেকে দূরে ফেলে আসেন। ভিডিওটি দেখে নেটাগরিকদের একাংশ ভালবাসায় ভরিয়ে দিলেও অধিকাংশ নেটব্যবহারকারী রেস্তোরাঁর পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন।