কোরিয়ার কাছে হার, তবু বিশ্বকাপ বাছাই খেলার সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের

গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তবে মালয়েশিয়া তাদের হারিয়ে দেওয়ায় জ্বলেছিল খানিকটা আশার প্রদীপ। এশিয়া কাপ হকির সুপার ফোর পর্ব নিশ্চিত করতে এ ম্যাচে জয়ের বিকল্প কিছু ছিল না বাবুদের কাছে। তবে সেই আশার দীপ গেছে নিভে। পুল ‘বি’ এর শেষ ম্যাচে সোমবার কোরিয়ার কাছে বাংলাদেশ হার মেনেছে ৫-১ গোলের ব্যবধানে।

ভারতের বিহারের রাজগিরে বাংলাদেশের একমাত্র গোলটি আসে দ্বিতীয় কোয়ার্টারের ২২ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে স্কোর করেন সোহানুর রহমান সবুজ। অবশ্য তার আগেই এক হালি গোল হজম করে হয়ে গেছে বাংলাদেশের। কোরিয়া তাদের শেষ গোলটি দেয় শেষ কোয়ার্টারের একেবারে শেষ সময়ে।

এবারের এশিয়া কাপে চার দলের পুল ‘বি’ তে বাংলাদেশ শেষ করলো তৃতীয় অবস্থানে থেকে। এতে সুপার ফোর পর্বে খেলার সুযোগ হবে না বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেল তিনটায় বাংলাদেশ পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফের সেমিফাইনাল খেলতে নামবে পুল ‘এ’ থেকে চতুর্থ হওয়া দলের বিপক্ষে। এক ম্যাচ বাকি থাকলেও সেই ম্যাচের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা কাজাখস্থানের। এই আসরের সেরা ছয় দলের মধ্যে থাকতে পারলে আসছে বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া হকি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সুযোগ পাবে কোনো দেশ। তাই হকি বিশ্বকাপের বাছাই পর্বে খেলা নিশ্চিত করতে হলে বৃহস্পতিবারের ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।