রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর জখম হয়েছেন এক পুলিশ সদস্য। সোমবার (০১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে ১০২ জনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, আটক করা সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য।
পুলিশ ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, সোমবার রাতে আদাবর থানার একটি টিম সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে অভিযান চালাতে গেলে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় পুলিশ সদস্য আল-আমিন গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, এ হামলার নেতৃত্ব দেন কিশোর গ্যাংয়ের দুই প্রধান জনি ও রনি। তাঁদের সঙ্গে ছিলেন নাজির, ওসমান, দাঁতভাঙা সুজন, কবজিকাটা হৃদয় এবং মাদক ব্যবসায়ী রাজুসহ আরও অনেকে। ধারালো অস্ত্র ব্যবহার করে তারা হামলা চালায় এবং আল-আমিনকে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন আদাবর থানার ওসি এসএম জাকারিয়া।