ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কত্ব করেন লিটন দাস। তার নেতৃত্ব গুণ নিয়ে তখন থেকেই আলোচনা। ব্যাটে ফর্ম না ছিল না, পূর্ণকালীন দায়িত্ব পেয়ে হারতে হয়েছে ওমান ও পাকিস্তানের কাছে। তার পর এই লিটনের অধীনেই টানা তিন সিরিজে জয়ী দলের নাম বাংলাদেশ।
ইদানিং রানও পাচ্ছেন লিটন। ভক্তদের মন থেকেও কাটছে দুশ্চিন্তার মেঘ। যে তালিকায় আছে খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। বিসিবির সভা শেষে মাঠে বসেই দেখেছেন লিটনদের খেলা। আর ম্যাচ শেষে গণমাধ্যম টি স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় অধিনায়কত্বের প্রশংসা করেছেন লিটনের।
বর্তমানের সভাপতির দৃষ্টিতে অধিনায়ক হিসেবে মাঠে লিটনের নিয়ন্ত্রণ চোখে পড়ার মতো। বলেন, ‘আমি বাইরে থেকে যেটা দেখি, মাঠে লিটনের কন্ট্রোলটা। বাইরে থেকে দেখলে বোঝা যায় যে একজন অধিনায়ক মাঠে আছেন। অবশ্যই সে কোনো দিন রান করে, কোনো দিন করে না। লিটন যেদিন রান করে, দেখতে অনেক ভালো লাগে।’
দ্বিতীয় ম্যাচে ফিফটি করা তানজিদের প্রশংসাও করেন দেশের সাবেক এ অধিনায়ক, ‘আমাদের তামিমের ব্যাটিং অবিশ্বাস্য। খুব উন্নতি করছে। আমার মতে, সবার অবদান আছে। তবে লিটনের অধিনায়ক হিসেবে যে উপস্থিতি, সেটা লক্ষ্য করা যায়।’