হাঁটুর বয়সী পার্টনারের সঙ্গে যেন উড়ে চলেছেন ভেনাস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

সবশেষ ২০১৬ সালে বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম ডাবলসের শিরোপা জিতেছিলেন ভেনাস। সুদিন গত হলেও এখনো ফুরিয়ে যাননি। ভেনাস উইলিয়ামস এখনও থামেননি এবারের ইউএস ওপেনে। ৪৫ বছর বয়সী ভেনাসের ডাবলস পার্টনার তার চেয়ে অর্ধেকেরও কম বয়সী কানাডার ২২ বছরের লেয়লা ফার্নান্দেজ। এ দুজন মিলেই সোমবার ডাবলসের তৃতীয় রাউন্ডে ১২তম বাছাই ঝাং শুয়াই ও একাতেরিনা আলেক্সান্দ্রোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন। কোয়ার্টার ফাইনালে ওঠার পর গ্র্যান্ড স্ল্যাম জয়ের থেকে এখন তারা তিন ম্যাচ দূরে।

উইলিয়ামসের জন্য এটি টেনিস থেকে ১৬ মাস বিরতির পর ডাবলসে ফর্মে ফেরার ইঙ্গিত। অন্যদিকে ফার্নান্দেজের জন্য এটি কিংবদন্তির সঙ্গে কোর্টে থেকে এক রোমাঞ্চকর অধ্যায় লেখার সুযোগ। ম্যাচের শুরুতে প্রথম সেটে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে ব্রেক করেন ভেনাস-লেয়লা। যদিও পরে সার্ভিস ভাঙা পড়ায় ঝাং-আলেক্সান্দ্রোভা সমতায় ফেরেন। তবে ৫-৩ ব্যবধানে ফের ব্রেক করে সেট জিতে নেন দুজন।

দ্বিতীয় সেটও একই ছকে এগোয়। প্রথমে এগিয়ে গিয়ে আবার সমতায় ফেরেন প্রতিপক্ষ। তবে ৪-৩ ব্যবধানে ফের ব্রেক করে শেষ পর্যন্ত উইলিয়ামসের সার্ভিসে জয় নিশ্চিত করেন তারা। ম্যাচ শেষে দর্শকদের ধন্যবাদ জানিয়ে হাসিমুখে ভেনাস বলেন, ‘আপনাদের এনার্জি আমরা অনুভব করি। যখনই ম্যাচ পরিকল্পনামতো না চলে, আপনাদের সমর্থন আমাদের টেনে তোলে। তাই অনেক ধন্যবাদ।’

২৩ বছরের ছোট ফার্নান্দেজও পাশে বসা ভেনাসকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন বলেন, ‘ভেনাস, আমি অনেকবারই বলেছি, তোমার কোর্টে সেই পুরনো হাসি এখনও দেখা যায়—এটা অনুপ্রেরণাদায়ক। এটা আমাকে চালিয়ে যেতে উদ্বুদ্ধ করে। আমি ভালোবাসি যে তুমি এখনও টেনিসকে এতটা ভালোবাসো।’

২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেনে টেইলর টাউনসেন্ডকে নিয়ে ডাবলসে ফাইনাল খেলেছিলেন ফার্নান্দেজ। এছাড়া ২০২১ সালের ইউএস ওপেন সিঙ্গেলসে রানার্সআপ হয়েছিলেন তিনি। এবার টেনিস কিংবদন্তি ভেনাসকে পাশে পেয়ে ডাবলসে আবারও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন এই তরুণী। তবে কোয়ার্টার ফাইনালে তাদের সামনে শক্ত বাঁধা ডাবলসের শীর্ষ বাছাই টেইলর টাউনসেন্ড ও কাতেরিনা সিনিয়াকোভা জুটি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত