গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলার মধ্যে এ পর্যন্ত ৩৪টির তদন্ত শেষ করে চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ১৩টি হত্যা মামলা এবং বাকি ২১টি অন্যান্য ধারায় দায়ের করা মামলা।
হত্যা মামলাগুলো হয়েছে শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলায়। পাশাপাশি পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও এই ধরনের মামলার তদন্ত শেষ করেছে। অন্যদিকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা, বরিশাল ও রাজশাহী মহানগর পুলিশের অধীনে থাকা ২১ মামলার চার্জশিটও জমা দেওয়া হয়েছে।
তদন্ত অনুযায়ী, হত্যা মামলাগুলোর আসামির সংখ্যা ১ হাজার ৩৯০ জন, আর অন্যান্য ধারার মামলায় আসামি রয়েছেন ৭৭৭ জন।
পুলিশ জানিয়েছে, এসব মামলার তদন্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। এখনও যেসব মামলা তদন্তাধীন রয়েছে, সেগুলো দ্রুত শেষ করে সংশ্লিষ্ট অপরাধীদের আদালতের মুখোমুখি করা হবে বলে জানানো হয়েছে।