ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তার ওপর দেওয়া স্থগিতাদেশ বুধবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওই দিন ফুলকোর্ট শুনানি শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন করলে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েও বিষয়টি উল্লেখ করেন।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেন। একই দিন চেম্বার আদালত ওই আদেশের ওপর অস্থায়ী স্থগিতাদেশ জারি করে।
ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত ২৮ আগস্ট রিট আবেদন করেন ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’-এর বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি সংগঠনগুলো আলাদা প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার প্রায় দশটি প্যানেল প্রার্থী তালিকা দিয়েছে।