রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রার্থী হতে সুযোগ দিতে মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও রাকসু নির্বাচনে ভোট দিতে পারবে।
অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার নিমিত্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে নির্বাচনের তারিখ ঠিক রাখা হয়েছে। অর্থাৎ ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল টানা দুইদিন কর্মসূচি করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় নিয়ে আসার জন্য। পরে রাকসু নির্বাচনের প্রার্থীদের সঙ্গেও আলোচনা করে নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ ঠিক রেখে এই সময়ের মধ্যে প্রথম বর্ষকে নির্বাচনে অংশগ্রহণের করাতে পারে বলে সিদ্ধান্ত দেয় প্রার্থীরা। এরপর প্রশাসন ও নির্বাচন কমিশন মিটিংয়ে বসেন। সেখান থেকে সিদ্ধান্ত নিতে প্রশাসন একদিন সময় নেয়। একদিন পর আজ বিকালে নির্বাচন কমিশনের মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিয়কায় যুক্ত করার সিদ্ধান্ত জানান।
এ পর্যন্ত মোট ৬ বার পুনর্বিন্যাস হয়েছে রাকসুর তফসিল। সর্বশেষ সংশোধন অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র দাখিল ৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এরপর ৮ ও ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১০ তারিখ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এরপর ১৩ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৪ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।