৩ গার্মেন্ট মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ

তিনটি গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের বকেয়া বেতন ও ন্যায্য অধিকার আদায়ে মালিকদের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে থাকার অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, গাজীপুরের শ্রম আদালত এবং ঢাকার প্রথম ও তৃতীয় শ্রম আদালতে দায়েরকৃত মামলার ভিত্তিতে সরকার এই উদ্যোগ নিয়েছে। সরকার অভিযুক্তদের দেশে ফেরত এনে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যারা শ্রমিকদের প্রতি অন্যায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রেড নোটিশ জারির জন্য শ্রম মন্ত্রণালয়ের আবেদনের পর পুলিশ সদরদপ্তরের এনসিবি অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ বা অবহেলা করা সহ্য করা হবে না এবং এর যথাযথ পরিণতি হবে।