চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরূদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে  চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রশিবির। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল তিনটায় নগরীর মুরাদপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ষোলশহর বিপ্লব উদ্যানে এসে শেষ হয়। সেখানে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবির নেতারা ছাত্রদলের বিরূদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচনে শিবিরের বিজয় ঠেকানোর জন্য নানাভাবে মিথ্যাচার করা হচ্ছে। 

নেতৃবৃন্দ বলেন, কেউ যদি পেশী শক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ নষ্ট করতে চায় ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তা কঠোরভাবে মোকাবেলা করবে। তারা অবিলম্বে চট্টগ্রাম বিশবিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। 

সমাবেশে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি তানজির হোসেন জুয়েল, মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম রহমান রনি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয সভাপতি মো. আলী বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত