যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যে থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। ব্যবহারকারীদের ধরে রাখতে থ্রেডস নতুন এক ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের সামাজিক মাধ্যমের দীর্ঘ লেখা সহজে শেয়ার করার সুযোগ দেবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যদি কোনো চিন্তা বা ধারণা বিস্তারিতভাবে শেয়ার করতে চান তাহলে আলাদা আলাদা পোস্ট করে থ্রেড বানানোর পরিবর্তে একটি পোস্টে বড় টেক্সট ব্লক যুক্ত করতে পারবেন।
অ্যাপ গবেষক রাদু অনসেস্ক প্রথমে আইওএসে এই নতুন ‘টেক্সট অ্যাটাচমেন্ট’ ফিচারটি লক্ষ্য করেন এবং এর একটি স্ক্রিনশট শেয়ার করেন। বর্ণনা অনুযায়ী, এই ফিচারটি ব্যবহারকারীদের দীর্ঘ টেক্সট যুক্ত করার পাশাপাশি স্টাইলিং টুল ব্যবহার করে আরও সৃজনশীলভাবে গভীর চিন্তা, খবরের অংশবিশেষ, বইয়ের উদ্ধৃতি এবং আরও অনেক কিছু শেয়ার করার সুযোগ দেবে।
দীর্ঘ লেখা শেয়ার করার এই সুবিধা থ্রেডসে ক্রিয়েটর ও লেখকদের ধরে রাখতে সহায়ক হতে পারে, বিশেষ করে যারা তাদের ব্লগ বা নিউজলেটার প্ল্যাটফর্ম যেমন সাবস্ট্যাকে লেখা প্রকাশ করতেন কিন্তু এখন আরও বড় পরিসরে পৌঁছাতে চান। একই সঙ্গে, এটি ব্যবহারকারীদের পোস্টের শব্দসীমা ছাড়িয়ে গেলে ফোনের নোটস অ্যাপ থেকে টেক্সটের স্ক্রিনশট নিয়ে পোস্ট করার ঝামেলা থেকেও মুক্তি দেবে।
থ্রেডস ব্যবহারকারী রবার্ট পি. নিকসন নতুন ফিচারটি ব্যবহার করে একটি পোস্ট শেয়ার করেছেন, যাতে পোস্ট করার পর এটি কেমন দেখায় তা বোঝা যায়। পোস্টের মধ্যে ধূসর রঙের বক্সে দীর্ঘ লেখার একটি অংশ দেখা যায়, যেখানে ক্লিক করলে পুরো কনটেন্ট পড়া ও স্ক্রল করা সম্ভব হয়।
প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্স এরই মধ্যে ‘আর্টিকেলস’ ফিচারের মাধ্যমে দীর্ঘ লেখা শেয়ারের সুযোগ দিচ্ছে। তবে এক্স-এর এই সুবিধা কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য অন্যদিকে থ্রেডসের নতুন ফিচারটি সবার জন্য উন্মুক্ত যদিও ভবিষ্যতে তা বদলাতে পারে।
বর্তমানে থ্রেডসে শুধু টেক্সট শেয়ারের সুযোগ থাকলেও এক্স-এ ছবি ও ভিডিও দুটোই যুক্ত করা যায়। যেহেতু থ্রেডসের ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে, ভবিষ্যতে এতে ছবি ও ভিডিও সাপোর্টও যোগ হতে পারে।
মেটা বলছে, ধীরে ধীরে এই ফিচার আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হবে। দীর্ঘ লেখা শেয়ার করার এই ফিচারটি থ্রেডসের গত এক বছরে আনা নতুন সংযোজনগুলোর মধ্যে সর্বশেষ। এর আগে প্ল্যাটফর্মটি ডিএম, ফেডিভার্স ইন্টিগ্রেশন, কাস্টম ফিড, এআই সুবিধা ইত্যাদি ফিচার চালু করেছে। যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যে থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে সাবেক সিইও লিন্ডা ইয়াকারিনোর আগের বক্তব্য অনুযায়ী, এক্স-এর মাসিক সক্রিয় ব্যবহারকারী বর্তমানে ৬০ কোটিরও বেশি।