স্মার্টফোন যখন পাওয়ার ব্যাংকের কাজ করবে

দেশের বাজারে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্দার নতুন স্মার্টফোন এনেছে শাওমি। ‘শাওমি রেডমি ১৫সি’ মডেলের স্মার্টফোনটিতে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তাই নয়, ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। রিভার্স চার্জিং প্রযুক্তিনির্ভর স্মার্টফোনটি কাজে লাগিয়ে পাওয়ার ব্যাংকের আদলে অন্য যন্ত্রাংশও চার্জ করা যায়।

মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা অক্টাকোর প্রসেসরে চলা ফোনটিতে সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র‌্যাম থাকায় সহজেই একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। সংস্করণভেদে ফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ১৭ হাজার ৪৯৯ টাকা।

কালো, সবুজ ও নীল রঙে বাজারে আসা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে এআই প্রযুক্তিনির্ভর দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যায়।

ফোনটিতে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় সহজে লক খোলা যায়। আইপি ৬৪ প্রযুক্তিনির্ভর ফোনটিতে পানি এবং ধুলা প্রতিরোধক সুবিধাও রয়েছে। ফলে ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না।