যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মৃত্যুর গুজব নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন। গত কয়েক দিন ধরে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। এমনকি শনিবার সকাল পর্যন্ত প্রায় ১৩ লাখ ব্যবহারকারী এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফক্স নিউজের এক সাংবাদিক ট্রাম্পকে এ নিয়ে প্রশ্ন করলে তিনি বিস্ময় প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘সত্যি বলছেন? আমি তো এটা দেখিইনি। ব্যাপারটা একেবারেই পাগলামি। গত সপ্তাহে আমি একাধিক সংবাদ সম্মেলন করেছি, সবই সফল ছিল। এরপর মাত্র দুই দিন কোনো সম্মেলন করিনি, আর তারা বলা শুরু করল, নিশ্চিতভাবেই আমার কিছু হয়েছে।’
ট্রাম্প ব্যঙ্গ করে আরও বলেন, ‘বাইডেন তো মাসের পর মাস প্রকাশ্যে থাকতেন না। কেউ বলেনি তার কিছু হয়েছে। অথচ তিনি নাকি তখন দারুণ ফিট ছিলেন।’
তিনি জানান, ওই সময়ে তিনি প্রায় দেড় ঘণ্টার একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন প্রতিদ্বন্দ্বী সংবাদমাধ্যমে, বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট দিয়েছেন। এছাড়া তিনি পোটোম্যাক নদীর ধারে নিজের ক্লাবে লোকজনের সঙ্গে দেখা করেছেন বলেও উল্লেখ করেন।
গণমাধ্যমকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মৃত্যুর খবর পুরোটাই ভুয়া। এতটাই ভুয়া যে, এই ধরনের খবরের কারণেই গণমাধ্যমের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে।’
সূত্র: ফক্স নিউজ