বলিউডের নতুন সেনসেশন জাহ্নবী কাপুরকে ফোন নম্বর দিতেন লস অ্যাঞ্জেলসের অনেক ওয়েটার। শুধু তা-ই নয়, তারা এমন কিছু নিয়ে আসতেন যা জাহ্নবী আদৌ অর্ডার করেননি। সম্প্রতি নতুন সিনেমা পরম সুন্দরীর প্রচারে এসে এ কথা জানান শ্রীদেবী কন্যা।
জনপ্রিয় সিরিজ ‘স্পিড ডেটিং’-এ জাহ্নবী অকপটে ভাগ করে নেন তার ব্যক্তিগত জীবন, প্রেমের অভিজ্ঞতা এবং প্রথম ডেটের স্মৃতি। তার কথায়, ‘অনেকবার বলেছি আমি বিবাহিত। বেশিরভাগ সময়ে এমন পরিস্থিতি ভারতের বাইরে ঘটে। লস অ্যাঞ্জেলসে অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন, বা এমন কিছু আনতেন যা আমি আদৌ অর্ডার করিনি।’
এক মজার মুহূর্তে জাহ্নবী জানান, বিদেশে গেলে তিনি প্রায়ই অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব পান। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে নিজেকে বিবাহিত পরিচয় দেন তিনি। আর অস্বস্তিকর মুহূর্তে ওরিকেই নিজের স্বামী পরিচয় দিয়েছেন এমনও ঘটেছে। তার কথায়, ‘একবার আমি ওরির সঙ্গে ছিলাম, তখন বলেছি ও আমার স্বামী।’
ইন্টারনেট সেনসেশন ওরহান অবাত্রামণি বি-টাউনে ‘ওরি’ নামে পরিচিত। তিনি জাহ্নবীর কাছের বন্ধু। তাদের একসঙ্গে পার্টি করতে, ছুটি কাটাতে বা রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়।