গত করেকদিন ধরেই পাকিস্তানি ধারাবাহিক নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে ভারতে। পরিস্থিতি সামলাতে পাকিস্তানের সিরিজ গান, সিনেমা ও ধারাবাহিক প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্ত সেই নিষেধ অমান্য করে ভিপিএন-এর মাধ্যমে অনলাইনে ধারাবাহিক দেখা থেকে শুরু করে বড় পর্দায় আয়োজন করা হচ্ছে বিশেষ প্রদর্শনী বা ওয়াচ পার্টি। সম্প্রতি পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ ঘিরে এমন উন্মাদনা দেখা গেছে ভারতের বিভিন্ন শহরে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। শুরুতে সর্বোচ্চ ৪৫ জনের জন্য আয়োজনটি পরিকল্পনা করা হলেও এতে অংশ নিতে ৭০০-এর বেশি আবেদন জমা পড়ে।
ভারতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি অনুষ্ঠান ও গান নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে ধারাবাহিকটির দৃশ্য বিনিময়, পর্ব নিয়ে আলোচনা এবং প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। অনলাইন আগ্রহের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছে সরাসরি প্রদর্শনী ও ওয়াচ পার্টি।
ধারাবাহিকটির গল্পে জারিয়াব নামের এক তরুণী, তার শৈশবের ভালোবাসা জামিল এবং পরবর্তী সময়ে জারিয়াবের জীবনে শূন্যতা পূরণ করতে আসা আবু বকরকে ঘিরে ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। আবু বকর চরিত্রটি ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এমনকি বেঙ্গালুরুতে আগামী সপ্তাহান্তে ধারাবাহিকটির অন্তত দুটি প্রদর্শনী আয়োজনের কথা থাকলেও কর্তৃপক্ষের নজরে প্রচারপত্র আসার পর সেগুলো বাতিল করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা ও বাধা সত্ত্বেও দর্শকদের আগ্রহ কমেনি।
ধারাবাহিকটির ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যে একটি উক্তি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ধৈর্যের ফল নয়, চাই আবু বকর। উর্দু একটি প্রবাদকে মজার ছলে বদলে দেওয়া এই কথাটি চরিত্রটির প্রতি দর্শকদের ভালোবাসারই প্রকাশ।