এশিয়া কাপের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে গতকাল মঙ্গলবার তারা ১৮ রানে হেরে গেছে আফগানিস্তানের কাছে। একই ম্যাচে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন অভিজ্ঞ আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবি, যে মাইলফলকে এতদিন শুধু সাকিব আল হাসানই ছিলেন।
শারজায় অনুষ্ঠিত ম্যাচটিতে ২০ রানে ২ উইকেট নেন ৪০ বছর ২৪৫ দিন বয়সী নবি। এর মাধ্যমেই তিনি আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। এই মাইলফলক ছোঁয়া প্রথম আফগান ক্রিকেটার ছিলেন রশিদ খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক রশিদের শিকারসংখ্যা এখন ১৬৭।
তবে রশিদের চেয়ে একটা জায়গায় নবি এগিয়ে গেছেন, কারণ তিনি অল-রাউন্ডার। এই সংস্করণে নবির রান ২২৪৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার নবি। এই যুগলবন্দি রেকর্ড সবার আগে ছুঁয়েছিলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। সেটাও তিন বছর আগে ২০২২ সালে। এতদিন পর সাকিবের সঙ্গী হলেন নবি।