খুলনায় ৮ দফা দাবিতে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

পতিত আওয়ামী সরকারের প্রজ্ঞাপন বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশের ২৫টি পাটকল চালু ও সকল পাওনা পরিশোধসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধকৃত পাটকলের শ্রমিকরা। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনার খালিশপুরে ক্রিসেন্ট জুট মিলগেটে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। 

খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটির আয়োজনে অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন, রাষ্ট্রীয় পাটকল রক্ষা কমিটি খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. শমসের আলম, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস ও শ্রমিক নেতা ওমর ফারুক। 

কর্মসূচিতে বক্তারা অবৈধ প্রজ্ঞাপন বাতিল, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সকল পাটকল চালু, শ্রমিকদের বকেয়া পরিশোধ, পাটকলের যন্ত্রাংশ চুরি ও লুটপাট কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পাটকল বন্ধের সঙ্গে জড়িত পাট মন্ত্রণালয় ও বিজেএমসির কর্মকর্তাদের বিচারসহ ৮ দফা দাবি জানান তারা।