শ্রীপুরে পল্লী বিদ্যুতের দুই কর্মীকে রাতভর বেঁধে সড়কে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে কাজ শেষে অফিসে ফেরার পথে ডাকাতের কবলে পড়েন পল্লী বিদ্যুতের দুই কর্মী। ডাকাতদল তাদের সারারাত বেঁধে রেখে সড়কে ডাকাতি চালায়।

মঙ্গলবার রাত (২ সেপ্টেম্বর) মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী দুইজন বুধবার ভোরে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগীদের মধ্যে একজন হলেন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২, শিমলাপাড়া অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান নিরঞ্জন মন্ডল এবং অন্যজন একই অফিসের লাইনম্যান গ্রেড-১ শহিদুল ইসলাম। তাদের মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র, মোবাইল ও নগদ টাকা নিয়ে যায় ডাকাতরা।

জানা গেছে, তারা দুজন বিদ্যুৎ সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে মোটরসাইকেল যোগে শিমলাপাড়ার কাছাকাছি কারওয়ানবাজার এলাকায় সিগাল মোড়ে গিয়েছিলেন। কাজ শেষ করে ফিরার পথে হাসিখালি ব্রিজে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে তাদের পথরোধ করেন। প্রথমে দুই কর্মীকে জিম্মি করে হাত-পা বেঁধে সড়কের পাশে জঙ্গলে ফেলে রাখে ডাকাতরা। এরপর তারা সড়কে অন্যান্য যানবাহনও আটকে ডাকাতি চালায় এবং ভুক্তভোগীদের মারধর করে।

শ্রীপুর মডেল থানার ওসি মো. আবদুল বারিক বলেন, “তারা (পল্লী বিদ্যুৎ) এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে দায়ের করেনি। খোঁজ নিয়ে দেখবো এবং ঘটনা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”