রূপগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার বেলা দুইটার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নাসির উদ্দিন উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে।

অপহৃত নাসির উদ্দিনের ছোট ভাই নুর আলম ভুঁইয়া জানান, নাসির উদ্দিন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বুধবার বেলা দুইটার দিকে তিনি প্রাইভেটকারে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে যান। 

কাজ শেষ করে ব্যাংক থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ও তার গাড়ির চালক আশিককে অস্ত্রের মুখে জিম্মি করে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারীরা নাসির উদ্দিন ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফুট হয়ে ঢাকার দিকে চলে যায়। বর্তমানে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাসির উদ্দিনের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, “আমরা এই ঘটনা শুনেছি এবং নাসির উদ্দিনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত