বিএনপি নেতা তানভীর হুদা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাঁদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তানভীর হুদা আরও বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ ইভিএম বুঝে না, তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বুঝবে কী করে? আগের পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গত কয়েকদিন আগে প্রশাসন নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এ দল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। বিএনপি সন্ত্রাসে বিশ্বাসী নয়।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠান শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাগানবাড়ি আইডিয়াল একাডেমি থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারপুর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।