'তামিম বিএনপির, বুলবুল সরকারের প্রার্থী'

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং সাবেক জাতীয় দলের তারকা ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে জয়ী হলে এ দুজনের যে কেউ বসতে পারেন বিসিবি সভাপতির আসনে। নিয়ম অনুযায়ী নির্বাচিত ২৫ পরিচালকের ভোটেই নির্ধারিত হয় সভাপতি, আর সেখানেই নানা সমীকরণ তৈরি হয়।

বুধবার খুলনা প্রেস ক্লাবে এক মতবিনিময় অনুষ্ঠানে বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে সমর্থন পেতে যাচ্ছেন তামিম ইকবাল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, নিজে আর বিসিবি নির্বাচনে লড়বেন না।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিসিবির সভাপতির দায়িত্ব পালন করা লবী জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এজন্য একসঙ্গে দুই দায়িত্ব নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি থেকে তামিমের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়ে লবী বলেন, “আমাদের দলের পক্ষ থেকে একটি প্যানেল থাকবে। সেখানে তামিম ইকবাল প্রার্থী হবে। ভালো ক্রিকেটার এবং শিক্ষিত ছেলে হিসেবে সে বিসিবির সভাপতি হলে দেশের ক্রিকেটের উন্নতি ঘটাতে পারবে।”

অন্যদিকে, বর্তমান সরকারের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করার আগ্রহ রয়েছে বলেও জানান লবী। তার ভাষায়, “যদি বুলবুলকে সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এখানেও রাজনীতি ঢুকে যাবে। অথচ খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়।”

সব মিলিয়ে বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে ক্রিকেটের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও দারুণ আলোচনার জন্ম দিয়েছে।