নেইমারের জন্য বিলিয়ন ডলারের সম্পদ উইল করেছেন অচেনা ব্যবসায়ী!

মাঠের বাইরের খবরে আবারও শিরোনামে উঠে এলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। ৩১ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ধনকুবের নিজের উইলে বিশ্ব ফুটবলের সুপারস্টার নেইমার জুনিয়রকে একমাত্র উত্তরাধিকারী ঘোষণা করেছেন! ওই সম্পদের পরিমাণ আনুমানিক ৬.১ বিলিয়ন রিয়াল (প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১১ লক্ষ কোটি টাকা)! এই ঘটনায় ব্রাজিলজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জিজেডএইচ–এর খবরে বলা হয়েছে, গত ১২ জুন পোর্তো আলেগ্রের ওই ব্যবসায়ী তার উইলটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করেন। আশ্চর্যের বিষয় হলো, নেইমারের সঙ্গে ওই ব্যবসায়ীর কোনো রক্তের সম্পর্ক, পারিবারিক বন্ধন কিংবা পেশাগত সম্পর্ক নেই। স্থানীয় গণমাধ্যমকে সেই অজ্ঞাতপরিচয় ব্যবসায়ী বলেছেন, ‘আমি নেইমারকে পছন্দ করি, আমি তার সঙ্গে অনেকটা নিজেকে মেলাতে পারি। তার মধ্যে বিরল কিছু মূল্যবোধ আছে। বিশেষ করে নেইমারের বাবার সঙ্গে তার যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেটি আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে।’

ব্রাজিলে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে তা রীতিমতো ঝড় তুলেছে। অনেকেই মনে করছেন এটি নিছক এক ধরনের পাগলামি। আবার কেউ কেউ এটিকে একাকী এক ধনকুবেরের বিচিত্র সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এদিকে নেইমারের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নোটিশ পাননি। তাদের বক্তব্য, ‘আমরা এখন পর্যন্ত এই উত্তরাধিকার সংক্রান্ত কোনো অফিসিয়াল নোটিশ পাইনি।’

এই বিপুল সম্পদের কী হবে- সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে ব্রাজিলে এই ঘটনা বেশ মুখরোচক গল্পের জন্ম দিয়েছে। অনেকেই সেই অজ্ঞাতনামা ব্যবসায়ীকে খুঁজে বের করার চেষ্টা করছেন। একটি জনপ্রিয় পত্রিকা শিরোনাম করেছে— ‘এটা কি ভালোবাসার প্রকাশ, নাকি বিলিয়নিয়ার নিঃসঙ্গতার চূড়ান্ত নিদর্শন?’