দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে সিরিজসেরা হয়েছেন লিটন দাস। প্রতিপক্ষ দুর্বল হলেও এশিয়া কাপের আগে এটা স্বস্তির বিষয়। গতকাল সিলেটে তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে অনেক পুরনো এক প্রশ্নে চটে গেলেন লিটন। বিরক্ত কণ্ঠে জানিয়ে দিলেন, শোনা কথায় কান না দিতে।
ক্যারিয়ারের শুরু থেকেই কিছুটা অন্তর্মুখী স্বভাবের ছিলেন লিটন। অনেকে এটাকে তার নেতৃত্বের পথে বাধা হিসেবেও মনে করেছেন। আনুষ্ঠানিকভাবে না বললেও নানা সময়ে বিসিবির দায়িত্বশীলদের কাছ থেকে এরকম কথা শোনা যেত। আরও শোনা যেত যে, নেতৃত্বের বাড়তি ভার লিটন নাকি খুব একটা উপভোগ করেন না। যদিও এসব কথার সত্যিকারের কোনো ভিত্তি ছিল না।
লিটন এখন টি-টোয়েন্টি অধিনায়ক। তার নেতৃত্বে ধারাবাহিক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজেই এসেছে জয়। এমন সময়ে লিটনকে যদি বলা হয় তিনি নেতৃত্ব উপভোগ করছেন না, তাহলে চটে যাওয়াই স্বাভাবিক। লিটনও চটে গিয়ে বললেন, ‘আমার মুখ থেকে কখনও কি শুনেছেন যে আমি (অধিনায়কত্ব) উপভোগ করি কী করি না? কাজেই কিছু কিছু সময় শোনা কথায় কান না দেওয়া ভালো।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘(অধিনায়কত্ব) আমি অনেক উপভোগ করি। উপভোগ করি বলেই দায়িত্বটি নিয়েছি। পিঠেপিঠি কয়েকটি সিরিজ আমরা ভালো ক্রিকেটও খেলছি। আমি পারফর্ম করছি, এটাও দলের জন্য দরকার। কারণ নেতা যখন পারফর্ম করে না, দল মানসিকভাবে একটু পিছিয়ে থাকে। সেদিক থেকে বলব, আমার দলের যেহেতু সবাই পারফর্ম করছে, আমারও একটা চ্যালেঞ্জ ছিল যেন ইনপুট দিতে পারি (ব্যাট হাতে), পারফর্ম যেন করতে পারি। সেদিক থেকে আমি খুবই খুশি যে দলের একটি অংশ হিসেবে প্রভাব রাখতে পারছি।’
মনুমেন্তালে চক্রপূরণ মেসির
বিশ্বকাপ টিকিটের দাম জানাল ফিফা; সর্বোচ্চ ৮ লাখ!