হবিগঞ্জে রেলওয়ে পুলিশের ৪ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

যাত্রী হয়রানীর অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে ৪ পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
 
মামলার অন্যান্য আসামিরা হলেন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ, নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনি এলাকার পলাশ মিয়া। 

দ্রুত বিচার আদালতের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর করতে শায়েস্তাগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মশিউর রহমান জুয়েল। তিনি হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার হিসাবে কর্মরত। 

মামলার বিবরণে জানা যায়, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গত ১৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে যান। ওইদিন রাত ১টার দিকে উপবন ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এ সময় মশিউর রহমান জুয়েল শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের ২নম্বর ফ্ল্যাট ফর্মে পায়চারী করার সময় কয়েকজন লোক তাকে হেনস্থা করেন। পরে তার কাছ থেকে মানি ব্যাগ ও মোবাইল কেড়ে নেয়। তিনি চিৎকার করলে মশিউর রহমান জুয়েলকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশ সদস্যরাও তাকে মারপিট করেন। তাকে গাঁজা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।