স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে নতুন এক গুঞ্জন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শোনা যাচ্ছে, আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোল আর বার্সেলোনা ফরোয়ার্ড ইয়ামালের সম্পর্ক নাকি মাত্র ১৩ দিনেই ভেঙে গেছে।
দক্ষিণ আমেরিকার কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী, নিকোল এবার নাকি মন দিয়েছেন ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ও আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুওনো দিকে। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার চলতি গ্রীষ্মেই রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। বয়সে ইয়ামালের সমবয়সী হওয়ার পাশাপাশি একই ধরনের খেলোয়াড়ি ভূমিকায় স্পেন–আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দিয়েছে।
শুধু মাঠেই নয়, গুঞ্জন বলছে প্রেমের লড়াইয়েও নাকি এবার মুখোমুখি হয়েছেন তারা। টুইটার (এক্স)-এ এক ভক্ত লিখেছেন, “হা হা, মাত্র ১৩ দিন! দু’সপ্তাহও টিকল না।” আরেকজন মজা করে বলেছেন, “নিকোল তো প্রেমিক বদলায় গোসল করার চেয়েও দ্রুত।”
তবে এই গুঞ্জনের বিরোধিতা করছেন অনেকেই। এক বার্সেলোনা-ভিত্তিক অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, মাস্তানতুওনো আসলে অনেক দিন ধরেই আর্জেন্টাইন তরুণী ফিও অগাস্তিনেল্লির সঙ্গে সম্পর্কে জড়িত।
এ নিয়ে নিকোল কিংবা ইয়ামাল—কেউই মুখ খোলেননি। তবে ইয়ামালের বাবা মুনির নাসরাওই পুরো বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। সাংবাদিকদের তিনি বলেছেন, “এসব বাচ্চাদের ব্যাপার। আমি জানিই না তিনি কে। এমনকি তাঁর মুখও চিনতে পারি না।”
আলোচনার কেন্দ্রে থাকা নিকোলের পুরো নাম নিকোল দেনিস কুক্কো। ২৫ বছর বয়সী এই গায়িকার ইনস্টাগ্রামে অনুসারী ২ কোটি ২০ লাখের বেশি। স্পটিফাইয়ে তাঁর মাসিক শ্রোতার সংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ।
নিকোলকে ঘিরে ফুটবলারদের সঙ্গে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। এর আগে ২০২৪ সালে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।