‘বগুড়ায় ভাইরাল হওয়া ভিডিও যুবদল নেতার নয়’

বগুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সদর উপজেলা যুবদলের নামে একটি মিথ্যা অটোরিকশা ভাংচুরের ভিডিও ভাইরাল হয়েছে।

যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। 

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জেলা সদরসহ ১২ উপজেলায় বা পৌর ও ইউনিয়নে “আশিক” নামে কোনো যুবদল নেতা নেই। 

এছাড়া যে ভিডিওটি ছড়ানো হয়েছে, সেটি বগুড়ার নয়, অন্য কোনো স্থানের হতে পারে। বগুড়া যুবদলের কোনো অঙ্গসংগঠনের সদস্য যদি এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 

মিথ্যা অটোরিকশা ভাংচুরের ভিডিওটি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হয়েছে। 

এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে চালানো মিথ্যা প্রচারণা, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি হারুন অর রশিদ সুজন, ফারুকুল হক, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ রাশেদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ, সহ জেলা যুবদল, সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতাকর্মীরা।