চবি শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষের মামলা: গ্রেপ্তার আটজনের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আটজনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিরা হলেন: ইমরান হোসেন ওরফে এমরান (৩৫), মো. হাসান (২২), মো. রাসেল ওরফে কালা রাসেল (২৫), মো. আলমগীর (৩৫), নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) এবং দিদারুল আলম (৪৬)। তারা সকলেই চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার আট আসামির জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, ভাড়া বাসার দারোয়ানের সঙ্গে এক ছাত্রীর বিবাদ থেকে শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ পরদিন রবিবার (৩১ আগস্ট)ও চলতে থাকে। এ সময় শিক্ষার্থী, প্রক্টোরিয়াল বডির সদস্য, উপ-উপাচার্যসহ কয়েকশ আহত হন।

সংঘাতের মধ্যে রবিবার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনার দুদিন পর, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম বাদি হয়ে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে প্রধান আসামি করে ৯৫ জনের নামে মামলা করেন। সেখানে প্রায় ৮০০ থেকে ১ হাজার জনকে নাম ছাড়া আসামি করা হয়।