বোয়ালমারীতে ৭৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ফরিদপুরের বোয়ালমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদকের প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে এবং শেখ হাসিনার পক্ষে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৭৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।

মামলার এক ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পৌর সদরের আমগ্রামের বাসিন্দা মৎস্যজীবী লীগ নেতা গফফার বিশ্বাস (৩৯) এবং দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা পৌর যুবলীগনেতা রকিবুল ইসলাম রকিব (৩৬)। তাদের বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গত রবিবার নিষিদ্ধ ছাত্রলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর ছবিসহ পোস্টার লাগানো হয় উপজেলার বিভিন্ন এলাকায়। পোস্টারে লেখা ছিল, "হটাও ইউনুস, বাঁচাও দেশ। শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।" এ ধরনের পোস্টার নিয়ে এলাকায় আতংক ও চাঞ্চল্য সৃষ্টি হয়। এ কারণে বোয়ালমারী থানার এস আই শফিকুল ইসলাম বাদী হয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নামে বৃহস্পতিবার মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি সৈয়দ তমাল আলীকে ৩ ও সাধারণ সম্পাদক প্রান্তি সিদ্দিকীকে ৪ নম্বরে দিয়ে মোট ৭৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম দেওয়ান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতেপাঠানো হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।