‘প্রথম’ বিশ্বকাপ বাছাই খেলতে চাই একটি জয়

এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী প্লে-অফে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। আসর শুরুর সময় জানা ছিল, চ্যাম্পিয়ন দল সরাসরি আর পরের সেরা পাঁচ দলের একটি হলেই পাওয়া যাবে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ। তবে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) নিরাপত্তা শঙ্কায় নাম প্রত্যাহার করে নেওয়া পাকিস্তানকে দিয়েছে বিশেষ সুবিধা। টুর্নামেন্টে ষষ্ঠ হওয়া দলটির সঙ্গে প্লেঅফ খেলে বাছাইপর্ব খেলার সুযোগ পাবে দেশটি। তাই এশিয়া কাপে পঞ্চম হওয়ার লড়াইয়ে রবিবার জাপানের বিপক্ষে ম্যাচটি একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিতের পথেও শেষ বাধা। পুলের ম্যাচে যে তাইপেকে ৮ গোল দিয়েছিল বাংলাদেশ, তাদেরই জাপান হারায় ২-০ ব্যবধানে।

মূলত শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে পাকিস্তান সরে দাঁড়ানোয় বাংলাদেশের সুযোগ হয়েছিল এ টুর্নামেন্টে খেলার। তড়িঘড়ি করে ভারতে যাওয়া সেই দলটির বিশ্বকাপ খেলার স্বপ্নের মাঝে হঠাৎ করেই হানা দিয়েছে পাকিস্তান। জাপানের বিপক্ষে হেরে গেলেও বাবুদের সুযোগ বাকি থাকবে একটি, পাকিস্তানকে প্লে অফে হারানো।

ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আশরাফুল ইসলাম ও রোমান সরকার করেছেন দুটি করে গোল। অন্য গোলটি এসেছে তৈয়ব আলীর স্টিক থেকে। প্রথম কোয়ার্টারের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল আসে। ২৩ মিনিটে আবারও আশরাফুল এবং ২৮ মিনিটে রোমান সরকার। তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে রোমানের দ্বিতীয় গোল ব্যবধান দাঁড় করায় ৪-০-তে। মিনিট না যেতেই তৈয়ব আলী করেন পঞ্চম গোল। যদিও এরপর কাজাখরা একটি গোল শোধ করে, তাতে ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।