বললেন ফারুক

একদল প্রচার করছে- ‘বেহেশতে নিয়ে যাব, দাঁড়িপাল্লায় ভোট দাও’

জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একদল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল পিআর না হলে নির্বাচনে যাবে না—অথচ তারা ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মসজিদে মসজিদে প্রচারণা শুরু করে দিয়েছে, ঘরে ঘরে প্রচারণা শুরু করে দিয়েছে যে— ‘বেহেশতে নিয়ে যাব যদি দাঁড়িপাল্লায় ভোট দাও’।

জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মব সৃষ্টি করছে একটা পক্ষ। জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকে আহ্বান জানাবো, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, এখনও দিল্লিতে বসে আছে।

ফারুক বলেন, যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেই দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যদি কেউ প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে।

বাংলাদেশের জনগণ জানে যে খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের দল যখনই ক্ষমতায় ছিল, জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি বলেও উল্লেখ করেন তিনি।