জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য ৮০০ পাতা নির্বাচন কমিশনে জমা দিয়েও ফেল করায় তাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, এত পাতা জমা দিয়েও ফেল করেছেন, এখন মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে কিছু উগ্রবাদী দলেরও।
তিনি বলেন, এনসিপি আর জামায়াতকে এ দেশে প্রতিষ্ঠিত করবেন তা হবে না। শুধুমাত্র কয়েকদিন ডিবি প্রধান (সাবেক) হারুনের ঘরে ভাত খেয়েই বিএনপির বিরুদ্ধে নামবেন তা হবে না।
ফারুক বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্র চলছে। সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি জামায়াতের কথায় যান তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়েও খারাপ অবস্থা হবে।
এ সময় তিনি আরও বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যা বলেছেন তার জন্য ক্ষমা চান।’
