কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচের আগের দিন অনুশীলনে অবাক করা চিত্র। মাঠে উপস্থিত থাকলেও হাতে গ্লাভস নেই মিতুল মারমার। জাতীয় দলের একাদশে অপরিহার্য হয়ে পড়া এ গোলকিপারকে এভাবে দেখাটা বিরল। পরে জানা গেল গ্রোয়িন এর চোটে ভুগছেন আবাহনীর এ গোলকিপার। এবং জোর সম্ভাবনা কালকের ম্যাচেও হয়তো দেখা যাবে না তাকে।
এমনিতেই দলে নেই প্রথম একাদশের নিয়মিত মুখ হামজা চৌধুরী, শমিত সোমের মতো ফুটবলাররা। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামে রয়েছেন শেখ মোরসালিন. ফাহামিদুল ইসলাম, শাকিল আহাদ তপু, মেহেদি হাসান শ্রাবণরা। এ অবস্থায় মিতুলের অনুপস্থিতিতে গোলবারের দায়িত্ব সামলানোর ভার পড়বে দুই ভাই সুজন ও পাপ্পু হোসেনের যেকারোর কাঁধে।
এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বড় ভাই সুজন হোসেন। সবকিছু ঠিক থাকলে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে নেপালকে গোলবঞ্চিত রাখার দায়িত্ব সামলাবেন তিনিই। ঘরোয়া লিগে মোহামেডানের হয়ে খেলেন সুজন। ২০১৯ সালে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব থেকে মোহামেডানে যোগ দিয়ে ম্যাচ খেলেছেন ৯১টি। একাদশে থাকলে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ২৯ বছর বয়সী সুজনের।