আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো জীবনের সেরা রাত কাটালেন লিওনেল মেসির পাশে খেলতে গিয়ে। বৃহস্পতিবার রিভার প্লেটের এল মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শুরুর একাদশে নাম লিখিয়েছিলেন এই ১৮ বছরের তারকা। ম্যাচটিতে মেসি জোড়া গোল করে জানান দিয়েছেন, এটি ছিল আর্জেন্টিনার মাটিতে তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। একইসঙ্গে সমর্থকদের কাঁদিয়ে দিয়েছেন ২০২৬ বিশ্বকাপে না খেলার ইঙ্গিত দিয়ে।
মাঠের মজার ঘটনাস্তা
মাস্তানতুয়োনো ম্যাচ শেষে জানালেন, খেলার মাঝেই এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন তিনি মেসিকে বল না দিয়ে নিজেই শট নেন। ডায়ারিও এএস-কে তিনি হেসে বলেন, 'সে আমাকে মারতে চাইছিল! তবে বুঝেছিল ব্যাপারটা। আমি ক্ষমা চেয়েছি।”
আদর্শের সঙ্গে স্বপ্নপূরণ
রিয়াল মাদ্রিদে সম্প্রতি যোগ দেওয়া মাস্তান্তুয়ানো মেসির প্রতি নিজের আবেগও লুকাননি।
তিনি বলেন, 'এটা অবিশ্বাস্য অভিজ্ঞতা ছিল। আমার জীবনের স্বপ্ন পূরণ হলো। রিভার প্লেটের মাঠে মেসির সঙ্গে খেলতে পারাটা অবর্ণনীয়। ছোটবেলা থেকেই ও আমার আইডল। পুরো ক্যারিয়ার জুড়ে তাকে দেখেছি, আর এখন তার পাশে খেললাম।'
সমর্থকদের উচ্ছ্বাস নিয়েও মন্তব্য করেছেন তরুণ তারকা, 'ও যা সম্মান পেয়েছে, সেটাই প্রাপ্য ছিল।”
রিয়াল মাদ্রিদে দারুণ সূচনা
মাত্র এক মাস হলো সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিয়েছেন মাস্তানতুয়োনো। এরই মধ্যেই লা লিগায় জাবি আলোনসোর অধীনে তিন ম্যাচের দুইটিতে শুরুর একাদশে খেলেছেন তিনি। বাকি এক ম্যাচে বদলি নামেন। কোচ আলোনসো তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন, যদিও মাঝে মধ্যে অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট। একদিকে ক্যারিয়ারের শুরুতে রিয়াল মাদ্রিদে সুযোগ পাচ্ছেন, অন্যদিকে আইডল মেসির সঙ্গে জাতীয় দলের হয়ে মাঠ ভাগ করছেন—ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর জন্য এ যেন এক অবিশ্বাস্য অধ্যায়।