সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় হাড় ভেঙেছে পিএসজি কোচের

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) প্রধান কোচ লুইস এনরিক সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তার কাঁধের হাড় ভেঙে গেছে বলে নিশ্চিত করেছে ক্লাবটি। গতকাল শুক্রবার ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ সাইকেল চালানোর সময় দুর্ঘটনায় পড়েন। এরপর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, তার কলারবোন ভেঙে গেছে। তবে অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবারের সাইকেল দুর্ঘটনার পর প্রধান কোচ লুইস এনরিককে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তার কলারবোন ভেঙে গেছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন হবে। ক্লাব তার দ্রুত সুস্থতা কামনা করছে। পরিস্থিতি সম্পর্কে পরবর্তী সময়ে জানানো হবে।’

গত মে মাসে এনরিকের অধীনে পিএসজি ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। নতুন মৌসুমেও দারুণ শুরু করেছে ফরাসি জায়ান্টরা—লিগ ওয়ানে প্রথম তিন ম্যাচেই জিতেছে তারা। তবে আগামী ১৪ সেপ্টেম্বর আরস লঁসের বিপক্ষে লিগ ম্যাচে ডাগ-আউটে এনরিক থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে আন্তর্জাতিক বিরতিতে ইনজুরি সমস্যা আরও ভোগাচ্ছে পিএসজিকে। ফ্রান্সের হয়ে ইউক্রেনের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উসমান দেম্বেলে। এছাড়া তরুণ মিডফিল্ডার দেজিরে দোয়ে-ও মাংসপেশির সমস্যায় পড়েছেন। সব মিলিয়ে ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজির জন্য আন্তর্জাতিক বিরতিটা হয়ে উঠেছে দুশ্চিন্তার।