কড়া শাস্তি পেলেন ইন্টার মায়ামির উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে লিগস কাপের ফাইনালে ৩-০ গোলে হারের পর মাঠে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে থুতু ছোড়ার ঘটনায় আগামী মৌসুমের লিগস কাপ থেকে তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
সুয়ারেজের এই নিষেধাজ্ঞা আপাতত কেবল লিগস কাপেই কার্যকর হবে। মেজর লিগ সকারে (এমএলএস) তার খেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বাড়তি শাস্তি দেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমে ইন্টার মায়ামি ছয়টি ম্যাচ খেলেই ফাইনালে উঠেছিল, ফলে সুয়ারেজের নিষেধাজ্ঞা কার্যত আগামী আসরের পুরোটা জুড়েই প্রভাব ফেলতে পারে।
শুধু সুয়ারেজ নন, ফাইনালের পরের সংঘর্ষে জড়ানোর কারণে আরও কয়েকজনকেও শাস্তি দেওয়া হয়েছে। সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ, ইন্টার মায়ামির তরুণ ডিফেন্ডার টমাস আভিলেসকে তিন ম্যাচ এবং অভিজ্ঞ মিডফিল্ডার সের্হিও বুসকেতসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তাদের সবাইকেই জরিমানা গুনতে হবে।
খেলা শেষে এই ঘটনাকে ‘বীভৎস ও অসম্মানজনক’ বলে মন্তব্য করে বিশ্লেষকরা বলেন, ফুটবলে এমন আচরণের কোনো স্থান নেই। সুয়ারেজ ক্যারিয়ারে বারবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন—সেটা কামড়ানো হোক বা বর্ণবাদী মন্তব্য। তবুও তার গোল করার ক্ষমতা এবং মাঠে প্রভাবের কারণে ক্লাবগুলো তাকে দলে নেয়। সমালোচকদের ভাষায়, ‘তিনি বিরক্তিকর হতে পারেন, কিন্তু তার গোল পাওয়ার দক্ষতা অস্বীকার করার উপায় নেই।’
রেকর্ড ট্রান্সফারের আসল চিত্র: নেইমার নয়, এগিয়ে জিদান-ডেনিলসন!
এমবাপ্পের ঐতিহাসিক গোলে ফ্রান্সের সহজ জয়