গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনও চলমান। বাংলাদেশের জনগণ ও তরুণ সমাজ এ ফ্যাসিবাদকে দমন ও প্রতিহত করবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, পরাজিত ফ্যাসিবাদ চলে গেছে, ভেবে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। তাদের ষড়যন্ত্র চলমান। ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করে। তাকে দমন করতে হবে, প্রতিহত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজ ও জনগণ তাদের দমন করবে এবং প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।
সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শাসনে গুম, খুন, আয়নাঘর ও মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, সেই অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত থাকবে। ফেরেশতার মতো একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। সারাদেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর দেশ আজ মুক্ত।
বিচার ও সংস্কার প্রসঙ্গে আদিলুর রহমান খান বলেন, বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলমান। সংস্কারও আমরা এগিয়ে নিতে চাচ্ছি। তৃতীয় কাজ হচ্ছে নির্বাচন। আমরা চেষ্টা করছি, সংস্কার কাজ যত দ্রুত সম্ভব করতে। এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানের ভিত্তিতে এ সরকার। সে কারণে আমরা এ অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গৃহায়ণ মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াতসহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় নাটোরের শহরে অবস্থিত জুলাই শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। আর গতকাল শুক্রবার রাতে স্থানীয় জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।