আরও এক গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল, আরও একবার মুখোমুখি ইয়ানিক সিনার ও কার্লোস আলকারাজ। টেনিস দুনিয়ার বর্তমান দুই মহাতারকা রবিবার নামবেন ইউএস ওপেন ফাইনালে, এক বনাম দুইয়ের মহারণে। এখন পর্যন্ত দুই তারকার লড়াই হয়েছে ১৪ বার। এগিয়ে আছেন স্প্যানিশ তারকা আলকারাজ, জিতেছেন ৯টি ম্যাচ। সিনারের জয় ৫টিতে।
সর্বশেষ সিনসিনাটি ওপেনের ফাইনালেও আলকারাজ জিতেছিলেন, যদিও সেই ম্যাচে চোটের কারণে মাঝপথে সরে দাঁড়াতে হয়েছিল সিনারকে। তাদের প্রতিদ্বন্দ্বিতার সূচনা ২০২১ সালে। তবে আসল পরিচিতি আসে ২০২২ সালের ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে। টানা পাঁচ সেটের ম্যারাথন ম্যাচ জিতে সেদিন আলকারাজ বিশ্ব টেনিসে নিজের অবস্থান পোক্ত করেছিলেন।
সেই স্মৃতি টেনে এনে সিনার বলেন, ‘এই কোর্টেই আমাদের লড়াইয়ের শুরু হয়েছিল। এখান থেকেই সারা দুনিয়ায় আমাদের পরিচিতি ছড়িয়ে পড়ে। তারপর অনেক সময় কেটে গেছে। আলকারাজও আগের মতো নেই, আমিও আগের মতো নেই। দুজনেই আরও উন্নতি করেছি। এবার লড়াই আরও কঠিন হবে।
চলতি মৌসুমের চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে তিনটিরই ফাইনালে মুখোমুখি হচ্ছেন সিনার ও আলকারাজ। সিনার টানা পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন, যেটা রেকর্ড। এর আগে শুধু রড লেভার, রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ এই কীর্তি গড়েছিলেন। আগের চার ফাইনালের মধ্যে তিনটি জিতেছেন সিনার। একমাত্র হার—ফরাসি ওপেনে। আর সেটিও আলকারাজের বিপক্ষে। তবে ঠিক পরের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে সেই আলকারাজকেই হারিয়ে শিরোপা জেতেন সিনার।
অর্থাৎ, বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনই নির্ধারণ করবে—কে শীর্ষে থেকে মৌসুম শেষ করবেন? ফাইনালের আগে বিশেষজ্ঞরা অবশ্য এগিয়ে রাখছেন আলকারাজকে। কারণ, সেমিফাইনালে তিনি যেভাবে স্ট্রেট সেটে জোকোভিচকে হারিয়েছেন, সেটা ছিল দুর্দান্ত। তবে সিনারও আছেন দুর্দান্ত ফর্মে। তিনি জানেন, ফাইনালে নিজের সেরাটা দিতে পারলেই সব পরিসংখ্যান বদলে দেওয়া সম্ভব।