কেমন হলো ভারতের স্পনসরবিহীন এশিয়া কাপের জার্সি?

এশিয়া কাপ শুরুর আগে জোর প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। আগামী ৯ সেপ্টেম্বর আবুধাবিতে পর্দা উঠবে এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর আগেই প্রকাশ্যে এসেছে ভারতের নতুন ট্রেনিং জার্সি। এই প্রথম স্পনসরহীন ভারতীয় দলের জার্সি দেখা গেল। সেখানে শুধু লেখা আছে ‘ইন্ডিয়া’।

সম্প্রতি ভারতে বেটিংবিরোধী আইনের কারণে ক্রিকেট দলের স্পনসর থেকে সরে দাঁড়িয়েছে ড্রিম-১১। তাই আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলকে স্পনসর ছাড়াই খেলতে হবে। ভারতীয় বোর্ড সদ্য নতুন স্পনসর যোগাড় করার প্রক্রিয়া শুরু করেছে, যেটা এশিয়া কাপের আগে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আগামী মঙ্গলবার থেকে এশিয়া কপ শুরু হচ্ছে। ভারতের প্রথম ম্যাচ বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার আবুধাবির আইসিসি একাডেমি ওভালে ভারতের ব্যস্ত নেট সেশন ছিল। নেট সেশনে ভাইস-ক্যাপ্টেন শুভমান গিল ও গতিতারকা জসপ্রিত বুমরার মধ্যে বেশ প্রতিযোগিতা হয়। গিল মজা করে বলেন, ‘স্টিফ লেগস (পা শক্ত হয়ে গেছে)’, সঙ্গে সঙ্গে বুমরা দৌড়ে ও ডাইভ দিয়ে গিলকে হাত নেড়ে দূরে সরিয়ে দেন। বুমরা-গিলের এই ঠাট্টা-মশকরায় জমে ওঠে ভারতের অনুশীলন।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও ব্যাট হাতে নামেন শুভমানের সঙ্গে। স্পোর্টস হার্নিয়া সার্জারির পর এটি তার প্রথম বড় অনুশীলন সেশন। এর আগে ব্যাট হাতে নেমেছিলেন অভিষেক শর্মা, তিলক ভার্মা ও জিতেশ শর্মা। অভিষেক বল হাতেও লেফট-আর্ম স্পিন, রিস্ট স্পিন এবং ব্যাকস্পিন করার চেষ্টা করেছেন। অন্যদিকে উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন ঘাম ঝরিয়েছেন টানা আধঘণ্টার ব্যাটিং সেশনে।

ভারতের এশিয়া কাপ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রিত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা, ঋতুরাজ সিং।

রিজার্ভ: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।