ব্যাট হাতে একাই লড়লেন আহসান আল মুমিন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংস। তাতে গড়লেন বাংলাদেশের যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। আজ ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে তার অপরাজিত ১৫২ রানের ঝলমলে ইনিংসে ভর করে মালয়েশিয়ার যুবাদের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে বল হাতে রেকর্ড গড়েন তাফিউল আলম তামিম। একাই ৭ উইকেট নেন এই ডানহাতি পেসার। এতে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া। ফলে ২০৫ রানের বড় জয় পায় বাংলাদেশ। এই জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির ছিল না। টস হেরে ব্যাট করতে নেমে দ্রুতই দুই ওপেনারকে হারায় দল। পঞ্চম ওভারে ক্রিজে এসে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মুমিন। একের পর এক সতীর্থ সাজঘরে ফিরলেও নিজের স্বাভাবিক ব্যাটিং চালিয়ে যান তিনি। মাত্র ৪৯ বলে পূর্ণ করেন অর্ধশতক, পরের দিকে রবিউল হাসান অনিককে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ ৭৯ রানের জুটি। ৪৮ বলে ৪৫ রান করে অনিক বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। ২২৪ রানে অষ্টম উইকেট হারানোর পরও দমে যাননি মুমিন। শেষ দিকে আল আমিন হোসেনকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে যোগ করেন আরও ৭৯ রান।
মুমিনের শতকের শুরুটাও ছিল আক্রমণাত্মক। ১০২ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। এরপর ছক্কা হাঁকিয়ে উদ্যাপন করেন মাইলফলক। শেষ পর্যন্ত ১৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাংলাদেশের সহ-অধিনায়ক। তার ব্যাটেই তিন শ রানের মাইলফলক পেরোয় দল। মুমিনের ১৩৩ বলের ইনিংসটি সাজানো ১০ চার ও ছয় ছক্কায়। বাংলাদেশের যুব ক্রিকেটে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল পিনাক ঘোষের ১৫০ রান। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। প্রায় ১১ বছর পর পিনাককে ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন মুমিন।
লক্ষ্য তাড়ায় নামা মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন তামিম। একাই ৭ উইকেট নেন এই ডানহাতি পেসার। যা যুব ওয়ানডে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বাধিক শিকার। এর আগে কেউই ৭ উইকেটের দেখা পাননি। ৬ উইকেট ছিল ৫ জন বোলারের। ১৯ রানে ৬ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ছিলেন সানজীদ শাহা। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। আজ তামিম মাত্র ১৮ রানে ৭ উইকেট নেন।